ঢাকার সাভারে বিএনপির কার্যালয়ে হামলা ও গুলির ঘটনার ঘটেছে। তবে এ হামলা ও গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার ঢালাই মোড়ের ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ১৪-১৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি গুলি কার্যালয়ের এসিতে লাগে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তারা অফিস ভাঙচুরের চেষ্টা করে।
সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎ না থাকায় আমরা কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের বাইরে বসে ছিলাম। এ সময় ১৪-১৫ জন দুর্বৃত্ত আমাদের অফিসে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কার্যালয় ভাঙচুর করা হয়েছে। সেখানে তিনটি গুলির খোসা পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



