চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু রেশমি আক্তার (১১) মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমিকে গত ৭ মে রাত রাত ৯টা ১০ মিনিটের দিকে মা সখিনা বেগম পাশের দোকানে পান আনতে পাঠান। রৌফাবাদ বিহারি কলোনির গলিতে তখন মুখে মাস্ক পরা একদল দুর্বৃত্ত হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। ছোট রেশমি কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি তার বাঁ চোখ ভেদ করে মাথায় ঢুকে যায়।
পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি সবার ছোট। তাদের বাবা রিয়াজ আহমেদ পেশায় সবজি বিক্রেতা।
রেশমি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৯ মে সকালে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।




