যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশ ভোজ অনুষ্ঠান। প্রায় আড়াই হাজার উপস্থিত অতিথির সামনে মঞ্চে বসা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই হয় কয়েক রাউন্ড গুলির আওয়াজ। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হট্টগোল।
এক বন্দুকধারী স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে শটগান নিয়ে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন।
এফবিআই সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শটগানধারী এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি এজেন্টের শরীরে থাকা প্রোটেক্টিভ গিয়ারে (সুরক্ষামূলক পোশাক) লাগায় তিনি বড় ধরনের আঘাত থেকে বেঁচে যান।
ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটি ‘বড় ধরনের অস্ত্র’ ছিল এবং তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন।
তিনি বলেন, ‘আমি হামলাকারীর কয়েক ফুট দূরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। পরে পুলিশ এসে আমাকে রক্ষা করার চেষ্টা করে।’
নৈশভোজে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের সশস্ত্র কমান্ডোরা দ্রুত ডাইনিং রুমে ঢুকে পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি প্রথমে ডায়াসের নিচে মাথা নিচু করে অবস্থান নেন এবং মুহূর্তের মধ্যেই এজেন্টরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে এক অদ্ভুত সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকার কাজ করেছে।’
গুলির ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ বছর বয়সী কোল ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক বলে জানিয়েছে ডেইলি মেইল।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন কোল টমাস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের তল্লাশি চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মেঝেতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং কর্মকর্তারা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে তাকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করেন। তার সঙ্গে কেউ যুক্ত ছিল না বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরো অভিযোগ আনা হতে পারে বলেও জানান তিনি।




