ঢাকার গুলশানে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে শামীম সালিম কাসিমকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর পর তাকে হাসপাতালে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মরদেহের মুখে আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব এবং চোখের চারপাশে রক্ত জমাটের মতো চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানায়, ওই নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে তিনি কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



