কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
নিহত রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিজের ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড়ের পাশ থেকে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতদের মধ্যে একজন তার আত্মীয়। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম ৩ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।




