মানিকগঞ্জ সদর উপজেলায় এক শিশুর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগে গণপিটুনিতে দুই ভাই নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা (৮) নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হয়, স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৪০) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশু ও গণপিটুনিতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।




