যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে না ইরান। এই আলোচনার ক্ষেত্রে ৩টি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হিন্দুস্থান টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকিকেই আলোচনার সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন ইরানের প্রধানমন্ত্রী।
পেজেশকিয়ান বলেন, পুরো বিশ্ব আপনাদের দাবি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে ভণ্ডামিপূর্ণ পার্থক্য দেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কখনোই সংলাপ ও সমঝোতার বিরুদ্ধে ছিল না।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত হয়ে যায়। এ আলোচনা চলতি সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন। তিনি চান ইরান একটি সমন্বিত প্রস্তাব দিতে পারে। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।
তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই পক্ষের উত্তেজনা কমেনি। ইরান এমএসসি ফ্রান্সেসকা, এপামিনোন্দাস ও ইউফোরিয়া নামে তিনটি জাহাজ জব্দ করেছে বলে জানা গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে।




