দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অনুষ্ঠান পণ্ড করলেন বিএনপি নেতা

বিদ্যালয়ের মাঠে চলছিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। হঠাৎ দলবল নিয়ে সেখানে হাজির হন স্থানীয় এক ব্যক্তি। তিনি প্রধান শিক্ষকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। তালা দেন ওই শিক্ষকের কক্ষে। আর এসব দেখে আতঙ্কিত শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে যায়।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, রবিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্ৰামের বাঁশবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, হট্টগোল করা ওই ব্যক্তির নাম মো. সারোয়ার আওয়াল। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার সময় সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় পর্যায়ে মীমাংসা করে তালা খুলে দিয়ে সংক্ষিপ্তভাবে এক ঘণ্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন জানান, বিএনপির সাবেক নেতা সারোয়ার আওয়াল ও তার ভাই আরমানসহ স্থানীয় মান্নান মাস্টারের লোকজন এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। তারা এসেই শিক্ষকদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সেখানে আউয়ালের সঙ্গে যোগ দেন আরও ১০ থেকে ১৫ জন। হঠাৎ তার হাতে থাকা মাইক্রোফোন কেড়ে নেযন তারা। কিছুক্ষণের মধ্যেই তারা প্রধান শিক্ষকের কক্ষে তালা দেন।

তার অভিযোগ, লিখিতভাবে দাওয়াত না দিয়ে মৌখিকভাবে দাওয়াত দেওয়ার কারণে আওয়াল ও তার লোকজন এমন পরিস্থিতির সৃষ্টি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. সারোয়ার আওয়ালের দাবি, আমি সেখানে কোনো গালিগালাজ করিনি। অভিভাবকরা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। তারা আমাকে নিয়ে প্রধান শিক্ষককে প্রবেশপত্রের টাকা বেশি নেওয়ার কারণ জানতে চেয়েছেন।

তিনি দাবি করেন, প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া হয়নি। কে দিয়েছে তা আমি জানি না।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, ঘটনাটি তারা জেনেছেন। বিষয়টি নিয়ে তারা সভা করবেন। সেখানে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025