জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর থানায় করা একটি মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে রুল নিষ্পত্তি করতে বলেছেন।
সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করে।




