ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, কোনো বাংলাদেশি নাগরিক যদি শুধুমাত্র সন্তান জন্মদানের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে দেশটিতে ভ্রমণ করেন, তবে তা যুক্তরাষ্ট্রের ভিসানীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, পর্যটন বা অন্য কোনো অস্থায়ী ভিসার আড়ালে এই ধরণের উদ্দেশ্য রাখা আইনসম্মত নয়। কনস্যুলার কর্মকর্তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে কোনো আবেদনকারীর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, তবে তাৎক্ষণিকভাবে সেই ভিসা আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।
দূতাবাস স্পষ্ট করেছে যে, ভিসা আবেদনের সময় সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দিলে কেবল বর্তমান আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রেও বড় ধরণের আইনি জটিলতা বা স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে। মূলত ভিসার মর্যাদা রক্ষা এবং নিয়ম বহির্ভূত নাগরিকত্ব লাভের প্রক্রিয়া বন্ধ করতেই মার্কিন প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে। তাই আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সবসময় সঠিক উদ্দেশ্য উল্লেখ করে এবং যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ও ভিসার শর্তাবলী মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।



