টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার জন্য ভোট চাইতে গিয়ে এক নারীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- শহিদুল, সোহেল, এনামুল এবং আল আমিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুলসহ চার ব্যক্তি ভোট চাইতে ওই নারীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই নারী তাদের চলে যেতে বলেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। ভুক্তভোগী নারী তখন জানান, তিনি ভোটার হননি এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এ কথা শুনে অভিযুক্তরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে চারজনের মধ্যে শহিদুল হঠাৎ নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তারা দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় নারী চিৎকার শুনে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যান। তবে যাওয়ার সময় কাউকে এ বিষয়ে জানালে ওই নারীকে তুলে নিয়ে নির্যাতন করার হুমকি দেন।
এ অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেছেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।




