বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনও তাদের নামে বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়েননি।
গণপূর্ত অধিদপ্তরের সিটি জোনের তথ্য মতে, ১৬ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারীসহ ১৮ জন সরকারি বাসা বরাদ্দ নিয়েছিলেন। তাদের মধ্যে ৯ জন বাসা ছেড়ে দিলেও বাকিরা এখনও সরকারি বাসায় অবস্থান করছেন।
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনও বাসা ছাড়েননি তাদের এরই মধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি মাসের মধ্যেই তারা বাসা ছেড়ে দেবেন।
সিটি জোনের এক প্রকৌশলী এ বিষয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ১৬ জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী বাসা বরাদ্দ নিয়েছেন। এরমধ্যে ৯ জন উপদেষ্টা বাসা ছেড়ে দিয়েছেন। বাকিদের বাসা ছাড়ার জন্য বলা হয়েছে। তারা আমাদের জানিয়েছে, কিছুদিন সময় লাগবে।’
জানা গেছে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা এখন পর্যন্ত বাসা ছাড়েননি তারা হলেন— আসিফ নজরুল, সি আর আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মো. তৌহিদ হোসেন, ফারুক-ই-আজম বীরপ্রতীক ও শারমীন এস মুরশিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাদ্দ পাওয়া এসব বাসার সব কটি উপদেষ্টারা বসবাসের কাজে ব্যবহার করতেন না; বেশ কয়েকজন উপদেষ্টা বরাদ্দকৃত বাসাগুলো ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন।
বর্তমানে নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে। ধানমন্ডি, মিন্টু রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪০টি বাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে ১০টি বাসা প্রস্তুত আছে এবং বাকিগুলো মেরামত ও রং করার প্রক্রিয়া চলছে।
সরকারি আবাসন পরিদপ্তর পরিচালক মো. আসাদুজ্জামান (অতিরিক্ত সচিব) বলেন, ‘মন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ চলছে। এখনো সব বাসা খালি হয়নি। একটু সময় লাগবে। যেসব বাসা খালি আছে, সেগুলো বরাদ্দে প্রক্রিয়া চলছে।’
বাসাগুলোর বর্তমান অবস্থা ও সংস্কার কাজের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান বলেন, ‘কিছু উপদেষ্টা বরাদ্দ পাওয়া বাসা ছেড়ে দিয়েছেন। কিছু বাসা প্রস্তুত আছে। টেন্ডার শেষ করে ১৫টি বাসার কাজ শুরু হয়েছে। আর যেসব উপদেষ্টা বাসা ছেড়ে দিয়েছেন সেসব বাসা মেরামত ও রং করতে হবে। বাসার কাজ করানোর জন্য টেন্ডার করা হয়েছে। টেন্ডার শেষ হলো কাজ করে বাসা প্রস্তুত করে মন্ত্রণালয় বাসা বুঝিয়ে দেওয়া হবে।’




