নির্বাচনে তিন বিষয়ের ওপর গুরুত্ব দিবে ইইউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি প্রধান বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা, অংশগ্রহণমূলক প্রকৃতি ও লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।

একইসঙ্গে এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ইইউ একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও ক্লাব সদস্য দ্বোহা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইভারস আইজাবস আরো বলেন, আপনার সুন্দর দেশের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক—উভয় দিক থেকেই আমাদের সম্পর্ক জোরদার করার জন্য আমরা এখানে এসেছি। এই লক্ষ্যে আমাদের এই নির্বাচনী পর্যবেক্ষণ মিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমরা এই নির্বাচনটিকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছি।

তিনি বলেন, আমাদের মিশনের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি রয়েছে, যেখানে আমাদের কাজ হলো কেবল পর্যবেক্ষণ করা, তবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া নয়। এই কারণে যেহেতু নির্বাচন খুব নিকটে, আমি কোনো দলের নিয়ম লঙ্ঘন বা অন্য কোনো বিষয়ে মন্তব্য করব না।

ইভারস আইজাবস বলেন, আমরা নির্বাচনের পরপরই ১৪ই ফেব্রুয়ারি আমাদের প্রাথমিক বিবৃতি প্রদান করব এবং কয়েক মাস পরে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করব। এই মিশনটি আনুষ্ঠানিকভাবে এক মাস আগে শুরু হয়েছে এবং আমাদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল (এলটিও) ইতিমধ্যে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, আমাদের পর্যবেক্ষকরা স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করছেন, যার মধ্যে প্রধান অংশীদার হিসেবে নির্বাচন কমিশন, সরকারি কর্তৃপক্ষ, প্রার্থী, দেশীয় পর্যবেক্ষক এবং বিভিন্ন এনজিও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউরোপ থেকে আরও ৯০ জন পর্যবেক্ষক আসার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের সহকর্মী বাম্বি এবং ক্রিশ্চিয়ান এখানে এক মাস ধরে কাজ করছেন এবং আগামীকাল ইউরোপ থেকে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন, যারা নির্বাচনের শেষ দিনগুলোতে প্রচার এবং ভোট গণনা পর্যবেক্ষণ করবেন। এটি কেবল ইউরোপীয় ইউনিয়নের মিশন নয়; সুইজারল্যান্ড, নরওয়ে এবং কানাডার মতো তিনটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশও এতে অংশগ্রহণ করছে।

এ সময় তাদের পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা, শহর ও গ্রামে ছড়িয়ে থাকবেন বলে জানান ইভারস আইজাবস।

নির্বাচন পর্যবেক্ষণে তিনটি প্রধান বিষয়ের বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের পর্যবেক্ষণে তিনটি প্রধান বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নাগরিকরা কতটা নির্ভয়ে এবং নিরাপদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, নারী এবং সংখ্যালঘু গোষ্ঠীসহ বাংলাদেশের সকল নাগরিকের অন্তর্ভুক্তি এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

ইভারস আইজাবস আরও বলেন, ঢাকায় আমাদের কোর টিমে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা যেমন আইনি বিশেষজ্ঞ, নির্বাচন বিশ্লেষক এবং মিডিয়া বিশ্লেষক রয়েছেন। তারা প্রথাগত ও সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করছেন।

তবে তারা কোনোভাবেই এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন না বা কাউকে কোনো পরামর্শ দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, নির্বাচন আয়োজন করা মূলত বাংলাদেশের নাগরিকদের কাজ এবং এখানে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

ইইউ এর পার্লামেন্টের এই সদস্য বলেন, আমরা বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রক্ষা করতে চাই। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অগ্রাধিকার হলো বিশ্বজুড়ে গণতান্ত্রিক এবং নির্ভরযোগ্য অংশীদার খুঁজে পাওয়া।

বাণিজ্য সম্পর্ক প্রসারিত করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক প্রসারিত করতে এবং সবুজ শক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের কাছে এই সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোলটেবিল বৈঠকে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আধুনিক কাগজের উপদেষ্ঠা সম্পাদক আল আজাদ, সহ-সভাপতি ও নিউজ এজ’র সিলেট ব্যুরো প্রধান মো. মনিরুজ্জামান মনির, জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইউএনবির সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ মহসিন, সিলেট জেলা প্রেসক্লাবের দৈনিক উত্তরপূর্বর ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নোবেল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবু, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আব্দুল আহাদ, ক্লাবের সদস্য ও চ্যানেল-২৪ এর সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, দীপ্ত টিভির সিলেট প্রতিনিধি জয়ন্ত কুমার দাস, সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র সাব এডিটর মো. শাকিলুজ্জামান, দেশকাল নিউজের সিলেট প্রতিনিধি রাজীব রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের নিবার্চন পর্যবেক্ষক মিশনের মিডিয়া কর্মকর্তা এবারহার্ড লাউয়ি, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ক্রিশ্চিয়ান কেইলবাচ ও বাম্বি বাদিবাঙ্গোভা এবং ইইউ প্রতিনিধিদলের সহকারী ফাইয়াজ তাইফুর।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025