নরসিংদীর রায়পুরা উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি গরু কেনা-বেচা করতেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারী সদস্য।
চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান শিকদার জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম চরমধুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলির শিকার হন। কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি। প্রতিবেশীর সঙ্গে রফিকুল ইসলামের পূর্বের পারিবারিক কলহ রয়েছে। তবে তদন্ত সাপেক্ষে কীভাবে, কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।




