মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছেন মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে দুই শতাধিক ধানের শীষের সমর্থক আমাদের বাড়িতে এসে আমার ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ বলেন, পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করছে প্রতিপক্ষ। এ ঘটনার দায় বিএনপি ও বিজয়ী প্রার্থী নেবেন না।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025