আজ ঐতিহাসিক ১০ এপ্রিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাপর্বে এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার পরে ‘মুজিবনগর সরকার’ হিসেবে পরিচিতি পায়।
বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে গঠিত মুজিবনগর সরকারে উপরাষ্ট্রপতি পদে নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদকে নির্বাচিত করা হয়। সরকার গঠনের এক সপ্তাহ পর ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) নিভৃত এক আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় স্বাধীন বাংলার এই অস্থায়ী বিপ্লবী সরকার। এই আমবাগানকে পরে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
১০ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গঠিত সরকারের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম সুসংগঠিত এবং বৈধ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ পায়। এই সরকারই তার প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়। যার ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। বাঙালির নিজস্ব আবাসভূমি হিসেবে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়।




