২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল আওয়ামীবিরোধীরা। প্রায় দেড় বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের একদল নেত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে দেখা যায়।
এ বিষয়ে সংগঠনটির একজন নেত্রী গণমাধ্যমকে বলেন, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। ধানমন্ডির এই আওয়ামী লীগ অফিস আবারও মুখরিত হয়ে উঠবে– এমনটা আশা করছি।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ব্যাপক ভাংচুর-লুটপাট চালানো হয়। সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
প্রায় ছয় মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক ওই পোড়া ভবনকে তাদের আশ্রয় হিসেবে বেছে নেয়। আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতে দেখা যেত। আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ সেখানে গেলে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ।
তবে বৃহস্পতিবার সকালে সেই নিষেধাজ্ঞা ভেঙে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে ১০-১২ জন নেত্রী উপস্থিত হন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান।




