ঢাকার মোহাম্মদপুরে মো. ইব্রাহিম নামে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে নূর মসজিদ এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন ইব্রাহিম। রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আসা বোরকা ও মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত লোকজনের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয় ইব্রাহিমকে। তার বা হাতের কনুই ও মাথায় ক্ষত হয়েছে।
ইব্রাহিমের মামা রুবেল মিয়া জানান, তার ভাগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
ইব্রাহিমের বন্ধু ও স্বজনদের দাবি, ইব্রাহিম জুলাই আন্দোলনের মামলার স্বাক্ষী। এ কারণে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, দুর্বৃত্তরা বোরকা ও মাস্ক পরা থাকায় প্রত্যক্ষদর্শীরা তাদের চিনতে পারেনি। তাদের শনাক্তে তদন্ত চলছে। হামলার পেছনে বিভিন্ন কারণের পাশাপাশি আধিপত্য ও দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা তা দেখা হচ্ছে।




