চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা

বগুড়ায় চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান সাগর এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মারধর এবং চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলা সূত্রে জানা গেছে, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে এনসিপি নেতা মিজানুর রহমান সাগর চুক্তিভিত্তিক লিফট সরবরাহ এবং সার্ভিসিংয়ের কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে মিজানুর রহমান সাগরের বিরোধ হয়।

এর জেরে ২০২৪ সালের ৩০ আগস্ট রাত ১০টার দিকে মিজানুর রহমান সাগর ও তার ১০-১২ জন সহযোগী সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যায় রুবেলকে। সেখানে বেদম মারপিট করে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমান সাগর। এ সময় রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন রুবেল।

আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025