মানিকগঞ্জের শিবালয়ে সেলফী পরিবহন নামের একটি বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার উথুলী-পাটুরিয়া সংয়োগ মোড় থেকে চাঁদা তোলার সময় ১৫০০ টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে শিবালয় থানার পুলিশ।
গ্রেপ্তার শুভ উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় সেলফী পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, সোমবার সকালের দিকে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে প্রতিদিনের মতো সেলফী পরিবহনের লাইনম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। এ সময় যুবদল নেতা সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন। পরে তারা তাকে কোনো ডিউটি করতে হবে না বলে তাড়িয়ে দেন। এরপর সুব্রতসহ ৩-৪ জন মিলে প্রতি সেলফী বাস থেকে ত্রিশ টাকা করে চাঁদা তুলতে থাকেন।
বিষয়টি লাইনম্যান মিজানুর কোম্পানির ম্যানেজারকে অবগত করেন। কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা পুলিশকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরের দিকে সুব্রত বিশ্বাসকে আটক করে পুলিশ। তবে বাকিরা পালিয়ে যান।
সেলফী পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. সবুর খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দেড় শতাধিক সেলফী পরিবহনের বাস চলাচল করে থাকে। এ ঘটনার পরে আমি সুব্রতদের মোবাইল ফোনে অনুরোধ করেছি এমন না করার জন্য। তারা উল্টো আমার কোম্পানির নিয়োগকৃত লাইনম্যান ও আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে আর প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলেছে। পরে বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, চাঁদাবাজির বিষয়টি আমি পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। সুব্রত কুমার বিশ্বাস আমার কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। আমি এবং আমার দল কোনোভাবেই চাঁদাবাজিকে সমর্থন করি না। এ ঘটনায় আমার উপজেলা ও জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সেলফী পরিবহনে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফী পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে বুধবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।




