বগুড়ায় ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে তারাবীর নামাজ শেষে মসজিদের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিলন নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে ঘটনা ঘটে।

নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে ও বুড়ইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ছাত্রদলের কর্মী ছিল বলে জানা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ শেষে মিলন মসজিদের বাইরে দাঁড়ায়। এসময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন ঘটনাস্থলে এসেই মিলনের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের বুড়ইল গ্রামের শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখের কোনো এক বিষয়ে বাকবিতণ্ডা হয়। এর সূত্র ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আশপাশের এলাকায় গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025