ভারতের ভিসা নিয়ে মিলল সুখবর

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানান, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

অনিরুদ্ধ দাস বলেন, বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ রয়েছে। বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন দুই দেশের নাগরিকরা। এর মধ্যেই মিলল সুখবর।

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত জানিয়ে অনিরুদ্ধ দাস বলেন, দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। আমাদের চিন্তা-চেতনা ও সংস্কৃতি অতীতকাল থেকেই এক সুতোয় গাঁথা।

ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, আমাদের উচিত ভৌগোলিক-সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সাংবাদিকরা পারেন এ সর্ম্পককে আরো জোরদার ও দৃঢ় করতে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকগণ সিলেটের সাথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় ও কানকেটিভিটি নিয়ে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সেই সাথে ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ প্রজেক্টের মাধ্যমে সিলেটের আর্থসামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করার করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক ফলপ্রসু করার প্রতি মতামত দেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025