বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক জিতেছে তুর্কি ভাষার চলচ্চিত্র ‘ইয়েলো লেটারস’। তুরস্কের রাজধানী আঙ্কারায় রাজনৈতিক চাপে পড়া এক শিল্পী দম্পতির দাম্পত্য জীবনের টানাপোড়েনই ছবিটির মূল উপজীব্য। ছবিটি পরিচালনা করেছেন তুর্কি-জার্মান নির্মাতা ইলকার চাতাক।
৪২ বছর বয়সী এই পরিচালকের জন্য এটি বড় অর্জন। তাঁর আগের ছবি ‘দ্য টিচার্স লাউঞ্জ’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল এবং অস্কার মনোনয়নও পেয়েছিল। দীর্ঘ ২২ বছর পর কোনো জার্মান-তুর্কি নির্মাতা বার্লিনে শীর্ষ পুরস্কার জিতলেন। সবশেষে ২০০৪ সালে এই সম্মান পেয়েছিলেন ফাতেহ আকিন।
গত ২১ ফেব্রুয়ারি রাতে ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে ‘গোল্ডেন বেয়ার’ পুরস্কার তুলে দেওয়া হয় ইলকার চাতাকের হাতে।
সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, ‘আমরা নিজেরা নিজেদের জন্য হুমকি নই। আমাদের জন্য প্রকৃত হুমকি স্বৈরশাসকরা। তারা ক্ষমতায় বসে আমাদের জীবনযাত্রার ধরন ধসিয়ে দেওয়ার চেষ্টা চালায়। আসুন, আমরা নিজেদের মধ্যে লড়াই না করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’
‘ইয়েলো লেটারস’-এর শুটিং হয়েছে জার্মানিতে। ছবিতে শিল্পী দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি অভিনেত্রী অজগু নামাল ও অভিনেতা তানসু বিচার। গল্পে ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে সুখী সংসার তাদের। কিন্তু স্বামী আজিজ অনলাইনে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় তুর্কি রাষ্ট্রের নজরে পড়েন। ফলে কাজ ও বাসস্থান– দুই-ই হারাতে হয় দম্পতিকে। আঙ্কারা ছেড়ে আজিজের মায়ের কাছে থাকতে ইস্তাম্বুল-এ যেতে বাধ্য হয় তারা। জীবিকার টানাপোড়েনে একপর্যায়ে স্ত্রী দেরিয়ার সঙ্গে আজিজের দূরত্ব বাড়তে থাকে।
গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের আসরে ৮০টি দেশের ২৭৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। গোল্ডেন বেয়ারের মূল প্রতিযোগিতায় ছিল ২২টি চলচ্চিত্র। প্রতিযোগিতামূলক বিভাগগুলোর মধ্যে ছিল মূল প্রতিযোগিতা, পার্সপেক্টিভস (সেরা নবীন পরিচালক), জেনারেশনস, প্যানোরামা, ফোরাম, শর্টস ও ডকুমেন্টারি। প্রতিযোগিতার বাইরে ছিল স্পেশাল স্ক্রিনিং ও ক্ল্যাসিক সিনেমা প্রদর্শনী।
গতকাল রোববার পর্দা নেমেছে উৎসবের। রাজনৈতিক বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার জন্য বার্লিন উৎসব বরাবরই আলোচিত। এবারের আসরেও গাজা যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। জুরি বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন জার্মান পরিচালক ভিম ভেন্ডার্স। তাঁর নেতৃত্বে বিচারক হিসেবে ছিলেন নেপালি পরিচালক মিন বাহাদুর ভাম, ভারতীয় নির্মাতা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর, জাপানি পরিচালক হিকারি, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী বে ডুনা, মার্কিন পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন এবং পোলিশ প্রযোজক এভা পুসচিস্ক। গ্র্যান্ড জুরি পুরস্কার (সিলভার বেয়ার) জিতেছে আরেক তুর্কি ছবি ‘স্যালভেশন’। ছবিটির নির্মাতা এমিন আলপাশ ২০০৯ সালে তুরস্কের কুর্দি অঞ্চলের এক বাস্তব ঘটনার প্রেরণা ব্যবহার করেছেন। একই সঙ্গে তিনি এটিকে বৃহত্তর জাতিগত সংঘাত ও ফিলিস্তিন প্রসঙ্গের রূপক হিসেবেও দেখেছেন। পুরস্কার গ্রহণের সময় গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা অন্তত নীরবতা ভেঙে আওয়াজ তুলে তাদের মনে করিয়ে দিতে পারি– তারা একা নয়।’
‘রোজ’ ছবিতে পুরুষের বেশে অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। তিনি আগে ‘অ্যানাটমি অব আ ফল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এ অভিনয় করে আন্তর্জাতিকভাবে আলোচিত হন। সাফল্যের ধারাবাহিকতায় এবার বার্লিনে সিলভার বেয়ার অর্জন করলেন তিনি। ফরাসি তারকা জুলিয়েট বিনোশ অভিনীত ‘কুইন অ্যাট সি’ জুরি পুরস্কারসহ দুটি স্বীকৃতি পেয়েছে। ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত মায়ের সঙ্গে লড়াই এবং তার প্রভাবিত দাম্পত্য জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ল্যান্স হ্যামার পরিচালিত ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন আনা ক্যাল্ডার-মার্শাল ও টম কোর্টনে।




