আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস আবারও চালু

দীর্ঘ বিরতির পর ফের চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস। কলকাতা থেকে যাত্রী নিয়ে রওনা হওয়া রয়েল মৈত্রী বাস মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছায়।

বাসটি পরিচালনা করে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন (টিআরটিসি)। রাজ্যের পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিআরটিসির চেয়ারম্যান সমর রায় দুপুরে আনুষ্ঠানিক যাত্রীদের স্বাগত জানান।

কলকাতা থেকে বাসটি যাত্রা করে গত শনিবার। তখন এটিকে পরীক্ষামূলক হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে মঙ্গলবার যাত্রীরা আগরতলায় পৌঁছালে এ যাত্রাকেই আনুষ্ঠানিক শুরু হিসেবে ধরা হয়।

এ সময় ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বাংলাদেশ পরিবারের সদস্যের মতো। দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটনসহ সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে তাদের নবনির্বাচিত সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।

আগেও আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাস চলাচল করত। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তা বন্ধ হয়ে যায়।

ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ব্যবস্থাপক মনোরঞ্জন দেবনাথ বলেন, ভিসা সংক্রান্ত জটিলতাসহ কিছু কারণে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় চালু করা হলো।

তিনি বলেন, এই পরিষেবার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। ২০০১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এই পরিষেবা ফের চালু হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠন হওয়ার পর অনিশ্চয়তা কেটে গেছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ভালো লক্ষণ। আশা করি বাকি সমস্যাগুলোরও সমাধান হবে।

আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৫৭০ কিলোমিটার। এই পথ যেতে সময় লাগে প্রায় ৪০ ঘণ্টা। তবে ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব মাত্র ৫০০ কিলোমিটার। ভাড়া ২ হাজার ৮০০ টাকা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025