তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি সেবাগ্রহীতা। এ দুর্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ।
এ দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।
তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম।




