ভারতের তৃতীয় শিরোপা না কি নিউজিল্যান্ডের প্রথম?

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় এক লাখ ৩২ হাজার। তিন বছর আগে এখানেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল ভারতের। এবার সেই মাঠেই আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামছে স্বাগতিকরা।

আজকের ফাইনাল ম্যাচে দুদলের সামনেই রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি। আবার কোনো দল টানা শিরোপা ধরেও রাখতে পারেনি। পাশাপাশি দুইবারের বেশি চ্যাম্পিয়ন হওয়ার নজিরও নেই। ভারত আজ জিততে পারলে এই তিনটি রেকর্ডই ভেঙে নতুন ইতিহাস গড়বে।

অন্যদিকে নিউজিল্যান্ডের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। এর আগে ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি কিউইরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে তারা।

সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ঝড়ো ব্যাটিং করে আলোচনায় ছিলেন ওপেনার ফিন অ্যালেন। অন্যদিকে স্বাগতিক ভারতও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে উঠেছে।

ভারতের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সঞ্জু স্যামসন। শেষ দুই ম্যাচে তিনি করেছেন যথাক্রমে অপরাজিত ৯৭ ও ৮৯ রান। বোলিং বিভাগে দলের বড় ভরসা জাসপ্রিত বুমরা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার একটি দারুণ ওভারই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

তবে ভারতের ওপেনার অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তী এখনো সেরা ছন্দে নেই। তারপরও দল হিসেবে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে তারা।

ফাইনাল ম্যাচটি হবে লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি ব্যাটিং সহায়ক পিচে। তবে পেসারদের জন্যও কিছুটা সহায়ক থাকতে পারে পিচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা খুব কম। প্রয়োজনে একটি অতিরিক্ত দিনও রাখা হয়েছে। দুই দিন মিলেও যদি অন্তত ১০ ওভারের ম্যাচ শেষ করা না যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আজকের ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, নতুন ইতিহাস লেখারও মঞ্চ। আহমেদাবাদে আজ ভারত তৃতীয় শিরোপা জিতে ইতিহাস গড়বে না কি নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে সেটিই দেখার পালা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025