ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ছয় নেতা এবং বিএনপির এক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতির পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন প্রয়াত রাজনৈতিক নেতা, বিশিষ্টজন ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণ করা হয়।
শোকপ্রস্তাবে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব ওঠে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব নাম শোকপ্রস্তাবে যুক্ত করার বিষয়টি অনুমোদন করেন।
একই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও এতে সংযোজন করা হয়। আলোচনার পর শোকপ্রস্তাবটি সংসদে গৃহীত হয়।



