সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
নির্বাচনকে স্বীকৃতি না দিলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার এক সাক্ষাৎকারে জয় বলেছেন, আমি এমন একজন মানুষ, যে সবসময় আলোচনায় বিশ্বাস করে। তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল। জীবনে সবসময়ই এভাবেই চলেছি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের এই সাক্ষাৎকার নেয় বৃটিশ সংবাদমাধ্যম আইটিভি। বাংলাদেশ সময় শনিবার ভোরে এ সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ বলে উল্লেখ করে জয় বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। মূলত এমনভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে, যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়।
তিনি বলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ– এমন নির্বাচনকে কীভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটি। একে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু বলা যায় না।
আওয়ামী শাসনামলে জামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে জয় বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেনি। তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামায়াত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত তখন।
দেশে ফেরার বিষয়ে জয় বলেন, অবশ্যই ফিরব। দেখুন– তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না।
শেখ হাসিনা কখনও বাংলাদেশে ফিরবেন কি না সেই প্রশ্নে জয় বলেন, আমার কোনো সন্দেহ নেই, তিনি একদিন ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না।




