তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে পালালো বাইকার

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েকদিন পার হলেও ওই মোটরসাইকেল আরোহীকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে গুলশানের ৬৫ নম্বর সড়কে পৌঁছালে এ ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান নিজের গাড়িতেই ছিলেন।

একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করেই তারেক রহমানের গাড়িবহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর তিনি বুলেটপ্রুফ গাড়িটির গায়ে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেন এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় গাড়িবহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার পরপরই গুলশান থানা-পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তদন্ত শুরু করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে শুধু স্কচটেপ দিয়ে খামটি লাগিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, সাদা রঙের হিরো হাংক মডেলের একটি মোটরসাইকেলে একজন আরোহী ছিলেন। তিনি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের গাড়ির কাছে এসে গতি কমান এবং খামটি লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে বিএনপির নিজস্ব নিরাপত্তা দল ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ উপস্থিত ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় আলাদাভাবে কোনো জিডি করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই আইনগত প্রক্রিয়া শুরু করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। খামের ভেতরে কী ছিল বা তাতে কী লেখা ছিল, সে বিষয়ে পুলিশ অবগত নয়। বর্তমানে খামটি সিএসএফের হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025