সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সার্ভার রুমের দোতলায় এ আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টর যিশু তালুকদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ইমিগ্রেশনের সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, রবিবার রাতে সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জামের স্বাভাবিকভাবেই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ইমিগ্রেশন বিভাগ তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করবে।




