ভোটের তিন দিনের মাথায় সিলেট সদর উপজেলার গুয়াবাড়ি তারাপুর এলাকায় শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের ঘরের কিছু অংশ, ধর্মীয় ছবি ও পূজার সামগ্রী পুড়ে গেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দিরের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়।
মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি জানান, ভোরে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, পাশের একটি দোকানের এক লোক প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে এসে তাকে খবর দেন। তিনি গিয়ে দেখেন মন্দিরের পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
তিনি আরও জানান, আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, ভগবদ্গীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি তিনি কষ্ট করে উদ্ধার করতে পেরেছেন।
স্থানীয় বাসিন্দা মিলন ভৌমিজ বলেন, সকালে খবর পেয়ে এসে দেখেন মন্দিরের ভেতরের ধর্মীয় ছবি ও গীতা পুড়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি বলেন, আজ মন্দির পুড়েছে, ভবিষ্যতে ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা রাজন রায় জগন্নাথ জানান, প্রায় ৩/৪ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এর আগে এখানে এমন কোনো ঘটনা ঘটেনি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, মন্দিরে সিসি ক্যামেরা নেই। তবু কে বা কারা আগুন দিয়েছে সেটি খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে। মহানগর পুলিশের কর্মকর্তারা মন্দিরটি পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




