শ্রীলঙ্কার জলসীমার কাছে ডুবতে থাকা একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানি জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, ১৮০ জন নাবিক বহনকারী ওই জাহাজের আহত সদস্যদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে জাহাজটি কেন ডুবতে শুরু করেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেন, এ ঘটনায় শ্রীলঙ্কা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটির নাম আইরিস দেনা। যা ইরানি নৌবাহিনীর একটি ফ্রিগেট (মাঝারি রণতরী)। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের গল উপকূলে থাকার সময় জাহাজটি বিপদসংকেত পাঠিয়েছিল বলে জানা গেছে।




