দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছের একটি টাউনশিপে একটি ট্যাভার্নে গোলাগুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
রবিবার স্থানীয় সময় রাত ১টায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অন্তত ১২ জন অজ্ঞাত বন্দুকধারী দুটি গাড়িতে করে বেকার্সডাল এলাকায় এসে ট্যাভার্নের ভেতরে উপস্থিত লোকজনের ওপর গুলি চালায়। ঘটনাস্থল ত্যাগ করার সময়ও তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।
পুলিশ আরও জানিয়েছে, ট্যাভার্নটির বৈধ লাইসেন্স ছিল।
জাতিসংঘের মাদক ও অপরাধ দফতর (ইউএনওডিসি)-এর ২০২৩–২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি এক লাখ মানুষের মধ্যে ৪৫ জন হত্যার শিকার হন— যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার।




