সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি ইট চুরির ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াত নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক ইট উদ্ধার করেছে প্রশাসন।
আটক মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক। বাকি পাঁচজনের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান পরিচালনা করে করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ রাস্তার সরকারি প্রায় ৪ লাখ ইট লুটপাট করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ইট উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এ সময় ইট চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মাহফুজুল ইসলাম চৌধুরীসহ ছয়জনকে আটক করা হয়। অভিযানে প্রায় ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, মাহফুজুল ইসলাম উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক। যেভাবে বিষয়টি এলাকায় প্রচার হচ্ছে, বিষয়টি তেমন নয়। এটি একটি ভুল বোঝাবুঝি। তিনি ভালো উদ্যোগ নিতে গিয়েছিলেন, কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রাস্তা থেকে সরকারি ইট লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযানে যুব জামায়াতের নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি রাস্তা থেকে ইট লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। চুরি হওয়া বিপুল সংখ্যক ইট জব্দ করা হয়েছে।




