প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি।
শনিবার দুপুরের পর তিনি তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেছেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরের পর সাবেক প্রধান উপদেষ্টা বাড়িটি ছেড়ে দিয়েছেন বলে তার কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল। সেগুলোও তিনি নিয়ে গেছেন।
জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ড. ইউনূস যমুনা ছেড়ে দেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।
চলে যাওয়ার সময় যমুনার কিছু কর্মচারী–কর্মকর্তা তাকে বিদায় জানান। পরে তিনি তাদের বিদায় দিয়ে গাড়িতে উঠেন। এখন থেকে তিনি তার গুলশানের নিজের বাসভবনে থাকবেন বলে জানা গেছে।




