নিরাপত্তা বিবেচনায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ ২০ জন ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পত্রিকা দুটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার পর সামাজিক মাধ্যমে রাজনীতিকসহ ৫০ জনের ‘হিট লিস্টের’ গুঞ্জন ছড়িয়েছে উল্লেখ করে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। তখন এ কথা বলা হয়।
জাহাঙ্গীর বলেন, যারা ঝুঁকিপূর্ণ, তাদের ইতোমধ্যে গানম্যান দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের যে ডিজিএফআই, এনএসআই, এসবি আছে; তারা নিজেরা বসে কারা কারা ঝুঁকির মধ্যে আছে—এরকম একটা লিস্ট করা হয়েছে। তাদের অনেককেই গানম্যান দেওয়া হয়েছে, আবার অনেকে গানম্যান নিতে চাননি।
কতজনকে গানম্যান দেওয়া হয়েছে?- এই প্রশ্নে তিনি বলেন, ২০ জনের মতো।
এই ২০ জনের সবার সঙ্গে একজন করে বন্দুকধারী থাকবে বলেও জানান উপদেষ্টা।
যাদের গানম্যান দেওয়া হয়েছে, তারা কি সবাই রাজনীতিক—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জবাব আসে, যখন তাদের সঙ্গে (গানম্যান) ঘুরবে, তখন অনুসন্ধানী সাংবাদিকতা করে বের করে নিন।
আরেক প্রশ্নে উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর ঢাকার কারওয়ানবাজারে প্রথমে প্রথম আলো ও পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়। হামলাকারীরা কার্যালয় দুটি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় শুক্রবার পত্রিকা দুটি প্রকাশ হয়নি।




