সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং

সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন গায়ক নিজেই।

ভারতীয় সংগীত জগতে শীর্ষস্থানীয় গায়ক অরিজিৎ। ফলে আচমকা তার এই সিদ্ধান্ত সামনে আসার পর হতচকিত ভক্ত-অনুরাগীরা।

নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিৎ তার শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে এ গায়ক জানিয়েছেন, তিনি নতুন এক সফর শুরু করছেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না। সেই যাত্রাপথে ইতি টানলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না। প্লেব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল।’

তিনি আরও লেখেন, ‘ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সংগীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।’

তার ভাষায়, ‘আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। কোনও নতুন গায়ক আমাকে অনুপ্রাণিত করুক, এই উত্তেজনাই এখন বেশি টানে।’

এই শিল্পীর অভিমত, সংগীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে, আর সেটার জন্য পুরনোদের জায়গা করে দেওয়া দরকার।

শ্রেয়া ঘোষালের মন্তব্য

পশ্চিমবঙ্গের দুই সন্তান শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং গত কয়েক বছর ধরে প্লেব্যাক দুনিয়ায় শীর্ষস্থান দখল করে আছেন। বলিউড হোক কিংবা বাংলা সিনেমা, একাধিক গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রেয়া।

শ্রেয়ার ভাষায়, ‘এটা অরিজিৎ সিংয়ের জন্য এক নতুন সূচনা। তাই ওর নতুন কাজ শোনার জন্য আমি অধীর অপেক্ষায় রয়েছি। আমি সত্যিই খুব উত্তেজিত। তবে এই বিষয়টিকে এক অধ্যায়ের অবসান বলতে আমি রাজি নই। কারণ, অরিজিতের মতো একজন শিল্পীকে কখনোই চেনা গণ্ডির মধ্যে বেঁধে রাখা উচিত নয়।’

নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া ঘোষাল আরও বলেন, ‘প্রিয় অরিজিৎ, এটা তোমার গর্জে ওঠার সময়।’

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025