পাকিস্তানে কয়েকটি এলাকায় একযোগে হামলা, নিহত ৪৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়েকটি এলাকায় একযোগে হামলা চালিয়েছে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা। এতে অন্তত ১০ পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ৩৭ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছে দেশটির সরকার।

শনিবার ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। খবর আল-জাজিরার

স্থানীয় সময় ভোর ৩টার দিকে কোয়েটার একাধিক পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা শুরু হয়। জাতিগত বেলুচ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এসব হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। পাল্টা অভিযানে ৩৭ জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছে।

তার দাবি, হামলাগুলো চালিয়েছে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিএলএ এসব হামলার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, বেশিরভাগ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে হামলার সময় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা অভিযান চলছে।

এই হামলার এক দিন আগেই পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল, বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। দশকের পর দশক ধরে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ চলছে। সাম্প্রতিক মাসগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তানি তালেবান (টিটিপি) দেশটিতে হামলা জোরদার করেছে। টিটিপি আফগানিস্তানের তালেবানের সঙ্গে মিত্র হলেও এটি একটি পৃথক সংগঠন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025