নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নদীপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরি মহানন্দা সার্ভিসটি উদ্বোধন করেন। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন। এ ছাড়া হাতিয়া দ্বীপ সমিতির একটি প্রতিনিধি দল, সম্মিলিত সামাজিক সংগঠন ও হাতিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকেন এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর এ স্লোগানকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা-ধাওয়া। যা একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির গড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নৌ-পুলিশের উদ্যোগে তাদের শান্ত করে ফেরি উদ্বোধন করা হয়।
আরও জানা গেছে, উদ্বোধনের কয়েক মিনিট পরই বিএনপি ও এনসিপি দুপাশে দাঁড়িয়ে মিছিল করে। এক পর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত পক্ষে পাঁচজন আহত হন। পরে নৌপুলিশ, হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিয়ার ইউএনও আলা উদ্দিন জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পর বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নিজেদের ক্রেডিট নিয়ে হাতাহাতিতে জড়িত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




