নির্বাচনকে ঘিরে মিলবে টানা চারদিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এর আগের দিন ১১ ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। আর ভোটের পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে থাকছে টানা চারদিনের ছুটি।

এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে শ্রমিকেরা তিনদিন ছুটি পাবেন।

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিই উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

প্রেস সচিব জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি- এই দুই দিন ছুটি পাবেন। এর সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটি যুক্ত হয়ে তাদের জন্য টানা তিন দিনের ছুটি থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

শফিকুল আলম বলেন, ১১ ফেব্রুয়ারি যেহেতু ভোটের আগের দিন। তাই ঢাকা, শিল্পনগরী বা অন্যান্য বড় শহরে অবস্থানরত অনেক ভোটার নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই সিদ্ধান্তগুলোর বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রেস সচিব। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025