নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রেবিবার বেলা সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রদল জানিয়েছে, পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ তিন দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগঠনটির ঘেরাও কর্মসূচি চলমান রয়েছে। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের প্রধান ইস্যু ব্যালট পেপার। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তার এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। কমিশনে প্রত্যক্ষ ইন্দনে এই ঘটনা ঘটেছে।
তিনি অভিযোগ করেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে, ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের মতো একইভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য তারা (নির্বাচন কমিশন) ভূমিকা পালন করেছে।
এ সময় নির্বাচন কমিশনে সংগঠনটির পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হবে বলেও জানিয়েছেন ছাত্রদল সভাপতি।
রাজধানীর শেরে বাংলানগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রবিবার সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদলের নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন।
ছাত্রদলের তিন ইস্যু
১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।




