বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ এমপি। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর ওপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে জাতিসংঘ, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করা হয়েছে। সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে ‘গণতান্ত্রিক’ বলা যায় না।
হাউস অব কমন্সের এই চার এমপি হলেন– বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস ল। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জনগণ আশা করে এই নির্বাচন একটি ন্যায়সংগত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তবে নির্বাচন অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ হলেই তা সম্ভব হবে। অবাধ নির্বাচন না হলে লাখ লাখ সাধারণ নাগরিকের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে চরমভাবে বিভক্ত। এর দায় বাংলাদেশের সব রাজনৈতিক দলেরই কিছু না কিছু রয়েছে।
যুক্তরাজ্যকে বাংলাদেশের ‘অন্যতম ঘনিষ্ঠ অংশীদার’ হিসেবে তুলে ধরে তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আটক, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমকর্মীদের নির্বিচারে গ্রেপ্তারের বিশ্বাসযোগ্য তথ্য আমাদের উদ্বিগ্ন করেছে।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও স্থগিত করা হয়।
চার ব্রিটিশ এমপি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ চালাতে হবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক বহুত্ববাদের একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।




