ঢাকায় নিজ বাসায় খুন হলেন জামায়াত নেতা

ঢাকার শেরেবাংলানগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াত নেতা আনোয়ারুল্লাহ (৬৫)। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাসার গ্রিল কেটে দুই যুবক ভেতরে ঢুকে গলাটিপে তাকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আনোয়ার উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামে। তিনি শেরেবাংলানগর থানার ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছিলেন।

পরিবারের দাবি, এটি নিছক চুরি নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর পুলিশ বলছে, এটি চুরি না কি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে উঠে আসবে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, শেরেবাংলানগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি মো. আনোয়ার উল্লাহকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে তার পশ্চিম রাজাবাজারস্থ নিজ বাসায় কিছু দুর্বৃত্ত প্রবেশ করে হত্যা করেছে।

দ্রুততম সময়ের মাঝে তার হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025