নরসিংদীতে বাড়িতে আগুন, গুলিতে স্কুলছাত্র নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বে বাড়িঘরে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুস্তাকিম মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম সৌদি আরব প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত কয়েক বছরে উপজেলা চরাঞ্চল সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয়পক্ষে নারীসহ কমপক্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা ও লুটের ঘটনাও ঘটে।

এরই জেরে বুধবার সকাল ৬টার দিকে বালুচর গ্রামের এরশাদ গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সায়দাবাগ গ্রামের হানিফ মাস্টার গ্রুপের বাড়িতে হামলা চালায়। এ সময় হানিফ মাস্টারের লোকজনদের বাড়িঘরে আগুন দেওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয় মুস্তাকিম। এতে সে নিহত হয়। এ ছাড়াও আগুনে ৪টি ঘর পুড়ে যায় ও কমপক্ষে ১০ জন আহত হন। তবে আহতরা পুলিশি গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মা শাহানা বেগম বলেন, সকালে আমার ছেলে বাড়ি আঙিনায় দাঁড়িয়ে ছিল। এসময় সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি করে হত্যা করে। আমরা নিরপেক্ষ, কোনো দলের নেই। তবুও যারা আমার বুক খালি করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025