কোনো নারী কখনোই জামায়াতে ইসলামীর প্রধান বা আমির হতে পারবেন না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোনো নারী কি জামায়াতের প্রধান হতে পারেন?’ জবাবে তিনি বলেন, ‘এটা সম্ভব নয়। এটা সম্ভব নয় কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। আপনারা (পুরুষরা) কখনোই সন্তান ধারণ করতে পারবেন না।’
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘আমরা কখনও শিশুকে বুকের দুধ পান করাতে পারব না। এটি আল্লাহ প্রদত্ত। আর নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’
জাতীয় নির্বাচনে জামায়াতের নারী মনোনয়নের বিষয়ে জানতে চাওয়া হলে শফিকুর রহমান জানান, সংসদ নির্বাচনে তারা এখন পর্যন্ত কোনও নারীকে মনোনয়ন দেননি।
তবে তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। ভবিষ্যতে আমরা সংসদের জন্যও সেই প্রস্তুতি নিচ্ছি।’
অন্যান্য রাজনৈতিক দলেও নারী নেতৃত্বের স্বল্পতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য দলগুলোতেও আপনারা উল্লেখযোগ্যসংখ্যক নারী দেখতে পাবেন না, কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক বিষয়। তবে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’
সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক যখন পাল্টা যুক্তি দেন যে, নারীরা ১৭ কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারলে সংগঠনের প্রধান কেন হতে পারবেন না? জবাবে শফিকুর রহমান বলেন, ‘এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা।’ অল্প কিছু দেশে নারী নেতৃত্ব থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকাকালীন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান সরাসরি কোনও মূল্যায়ন করতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত নয়। এটা তাদের (বিএনপি) দলের সিদ্ধান্ত।’




