ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। রবিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইককে চাপা দেয় বাসটি। এ ঘটনায় ইজিবাইকের তিনজন যাত্রীসহ ছয়জন মারা যান। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদরের ঘটকচর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুমান মিয়া (২৫), মাদারীপুর পৌরসভার শকনী কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) ও মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে অটোচালক সাগর বেপারী (২৮)।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদউজ্জামান বলেন, উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025