খুলনার দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুরাদ ওই উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল মুরাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।




