খুলনা মহানগরীতে এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হলেন- কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুইজন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হামলার সূত্রপাত।
জানা গেছে, প্রায় তিন বছর আগে কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল একটি মাদক মামলায় কারাগারে গেলে সেখানে ইমরান নামের এক সন্ত্রাসীর সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ইমরানের পরিবারের রাশিদুলের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার (রাশিদুল) সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় ছয় মাস আগে ইমরান আবারও একটি মামলায় কারাগারে যান। এই সুযোগে ফাহিমাকে বিয়ে করেন রাশিদুল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পরিবারের চারজনই গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান।
এদিকে, একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজজামান বলেন, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অংশ নেওয়া ছয়জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।




