বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া সংগীতশিল্পী ও আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী কারাগারে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ মারা গেছেন।
রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক।
জেলা কারাগার ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বলেন, প্রলয় চাকী ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।




