ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাঠে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করিয়ে সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রবিবার সন্ধ্যার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে লাঠি নিয়ে সর্বমিত্র চাকমা একদল কিশোরের দিকে এগিয়ে যাচ্ছেন। ওই কিশোররা ঢাবির মাঠে খেলতে এসেছিল বলে জানা গেছে। ভিডিওতে তাদের কান ধরে উঠবস করতে দেখা যায় এবং এ সময় লাঠি হাতে সর্বমিত্র চাকমাকে তাদের দিকে তেড়ে যেতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ এ ঘটনাকে অমানবিক ও ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন। অনেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের আচরণ অনভিপ্রেত বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে সর্বমিত্র চাকমা বলেন, ভিডিওটি ফেসবুকের একটি শিক্ষার্থী সংসদ গ্রুপে পোস্ট করা হয়েছে এবং শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। তবে এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।




